চুয়েটে পুরোদমে ক্লাস-পরীক্ষা শুরু

 চুয়েটে পুরোদমে ক্লাস-পরীক্ষা শুরু

একদিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউন শেষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও স্বাভাবিক হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও আন্দোলন কর্মসূচি শেষ হওয়ায় মঙ্গলবার থেকে পুরোদমে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে স্থগিত পরীক্ষাগুলো পুনর্বিন্যাস করে দ্রুত নেওয়ার প্রস্তুতি চলছে।

সোমবার উপাচার্যের অনুপস্থিতিতে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে একদিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউন পালন করেন শিক্ষার্থীরা। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও রুটিন দায়িত্বসংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ইউজিসির একটি সভায় অংশ নিতে ঢাকায় যান। এ সময় অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়া হয়। এর প্রতিবাদে গত রোববার বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে রাতে একদিনের শাটডাউনের ঘোষণা দেন তাঁরা।

দিনব্যাপী কর্মসূচি শেষে শিক্ষার্থী প্রতিনিধি মিনহাজ উদ্দিন জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৩ নভেম্বর থেকে শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসে ফিরছেন।

এদিকে দীর্ঘদিন ধরে চলা আন্দোলন ও একের পর এক অচলাবস্থায় চুয়েটের শিক্ষা কার্যক্রমে ব্যাপক বিঘ্ন ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মইনুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিভাগের প্রায় ৪০টি পরীক্ষা স্থগিত হয়েছে। শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় স্থগিত পরীক্ষাগুলো দ্রুত পুনর্বিন্যাস করে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণাঙ্গ শাটডাউন ও অসহযোগ কর্মসূচি পালন করে আসছিলেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন