তদন্ত কমিটি গঠন

আ.লীগ নেতা সাবেরের জাহাজের ধাক্কায় বিদেশি জাহাজ ক্ষতিগ্রস্ত

চট্টগ্রাম ব্যুরো

আ.লীগ নেতা সাবেরের জাহাজের ধাক্কায় বিদেশি জাহাজ ক্ষতিগ্রস্ত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি মাদার ভেসেলের সঙ্গে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন একটি জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে দুটি জাহাজই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রুবার সকাল সাড়ে ৯ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয়েছে রোববার দুপুরে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্থ জাহাজ দুটিকে বন্দরের জেটিতে নিয়ে আসা হয়। বিষয়টি নিয়ে বন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

বন্দর সূত্র জানিয়েছে, জেড ৯ কে মায়ের্স্ক নামের জাহাজটি শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল। এসময় আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন ‘এইচআর তুরাগ’ নামের আরেকটি কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। দুটি জাহাজ সিঙ্গাপুর থেকে পণ্যবাহী কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে। সংঘর্ষে মায়ের্স্ক জাহাজটির পেছনের (আফট) অংশ ও এইচ আর তুরাগের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন জাহাজের নাবিক ও অন্যান্য স্টাফদের কেউ আহত হননি।

দুটি জাহাজই শুক্রবারেই বার্থিং নেয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে নিরাপত্ত্বাজনিত ঝুঁকির কারণে ওই দিন বার্থিং এর অনুমতি দেয়া হয়নি।

রোববার অতিরিক্ত টাগ দিয়ে প্রস্তুতি নিয়ে জাহাজ দুটি জেটিতে নিয়ে আসা হয়েছে।

এব্যাপারে চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও সচিব সৈয়দ রেফায়েত হামিম কোন মন্তব্য করতে রাজি হননি। অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারাও ফোন রিসিভ করেননি। তবে বন্দর সূত্র জানিয়েছে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দুটি জাহাজই বন্দরের জেটিতে নিয়ে আসা হয়েছে। এর মাঝে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আওয়ামীলীগ নেতার মালিকানাধীন জাহাজ বিদেশি জাহাজের পেছনে ধাক্কা দেয়ার অন্য কোন কারণ আছে কি না সেই বিষয়টিও ক্ষতিয়ে দেখতে তদন্ত কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

জাহাজগুলো থেকে কন্টেইনার খালাসের পর ডকে নিয়ে মেরামতের কাজ করা হবে। কিন্তু আলামত নষ্টের ঝুঁকি থাকায় এখনো পণ্য খালাসের অনুমতি দেয়া হয়নি। তদন্ত কমিটির সদস্যরা জাহাজদুটি পরিদর্শন করে ক্লিয়ারেন্স দিলে কাজ শুরু হবে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্ট সূত্রটি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন