কক্সবাজারের চকরিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র, ৮৮২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে চকরিয়া থানা পুলিশ পশ্চিম ছনুয়াপাড়া ও হালকাচাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে।
সোমবার দুপুরে চকরিয়া থানা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, আভিযানে প্রথমে একটি বসতঘর ঘেরাও করে পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় তৈরি তিনটি আগ্নেয়াস্ত্র, ৮৮২ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, গুলির খোসা, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এ সময় অপর এক নারীকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজিব প্রকাশ শুটার রাজিব (২৬), নমি উদ্দিন প্রকাশ নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন প্রকাশ জসু ডাকাত (২৬), মো. সাগর রানা প্রকাশ শুটার সাগর (২০), জহুরা বেগম (৪৫) ও শহর বানু (৫৫)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র তৈরি ও কেনাবেচার পাশাপাশি বিভিন্ন ডাকাত দলের কাছে অস্ত্র ভাড়া দিয়ে আসছিলেন। এসব অস্ত্র ব্যবহার করে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ডাকাতি পরিচালনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

