নোয়াখালী হাতিয়ায় বেড়িবাঁধ ছিঁড়ে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের পাশে বেড়ীবাঁধ ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে পরে আসা জোয়ারে ঢেউয়ের আঘাতে বেড়ীবাঁধের কিছু অংশ ছিঁড়ে যায়। মুহূর্তে চরঈশ্বর ইউনিয়নের এক, দুই ও তিন নাম্বার ওয়ার্ডের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। অনেক জায়গায় রাস্তার উপরে দুই থেকে তিন ফুট উচ্চতার জোয়ারে পানি প্লাবিত হয়।
চরঈশ্বর ইউনিয়নের ইউপি সদস্য আসার উদ্দিন জানান, গত কয়েকদিনের অতিরিক্ত বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে বেড়ীবাঁধের অনেক এলাকা ধ্বসে গিয়ে সরু হয়ে গেছে। আজকের দুপুরের জোয়ারে তা ভেঙে যায়। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। আজকের দিনের বেলায় আসা জোয়ারে পানি তুলনামূলক কম হয়। তাতে ও অনেক এলাকা প্লাবিত হয়েছে।
তিনি আরো জানান, রাতের জোয়ারের অনেক উচ্চতায় পানি প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। তাতে মানুষের ঘর বাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। বেড়ীবাঁধ ছিঁড়ে যাওয়ার বিষয়টি উপজেলা নিবার্হী কর্মকর্তাকে জানানো হয়েছে।
এই বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, চরঈশ্বর ইউনিয়নের এই জায়গায় ছিঁড়ে যাওয়ার আশংকা আগে থেকে ছিল। এজন্য একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোন ব্যবস্থা নেওয়ার আগেই বেড়ীবাঁধ ছিঁড়ে যায়। বিষয়টি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে । দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

