রাউজানের চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের পাশেই সুলতানপুর প্রসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছিল ১৯৯২ সালে। তবে বর্তমানে জরাজীর্ণ এ ভবনের দেয়ালে ফাটল ধরেছে, ভেঙে যাচ্ছে পিলার, খসে পড়ছে পলেস্তারা। যার কারণে অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বিদ্যালয়টি। শিক্ষার্থী জয়ন্তী বিশ্বাস ও ফাল্গুনী কর্মকার বলেন, আমরা ঝুঁকি নিয়ে ক্লাস করছি। অনেকগুলো পিলার ফেটে গেছে। ভয়ে ভয়ে ক্লাসরুমে থাকি। আমাদের নতুন ভবন ও ওয়াশব্লক দরকার।
আটজন শিক্ষিকা ও ২০০ এর অধিক শিক্ষার্থী রয়েছে যে বিদ্যালয়ে সেখানে নেই মানসম্মত ওয়াশরুম। অন্যদিকে বিশুদ্ধ পানি সংকটসহ রয়েছে আশপাশের পরিবেশের দুরবস্থা। একটু বৃষ্টি হলেই জমে থাকে পানি। এভাবেই বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রধান শিক্ষিকা শামীম আরা বেগম।
তিনি বলেন, জানি না কেন এ বিদ্যালয়ে নতুন ভবন হচ্ছে না। আমি স্কুলে যোগদানের আগেও ভবনের জন্য আবেদন করা হয়েছিল। বেশ কয়েকবার যোগাযোগ করেও কোনো সাড়া পাচ্ছি না।
এ বিষয়ে রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুর নবী বলেন, এ বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য জেলা শিক্ষা অফিসারের কাছে তালিকা পাঠিয়েছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

