ফেনীর উত্তরাঞ্চলের প্রাচীন বিদ্যাপীঠ পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৮২ বছর পর একে অপরকে কাছে পেয়ে প্রাক্তন হাজারো শিক্ষার্থীর মধ্যে আবেগ-আনন্দ ছড়িয়ে পড়ে।
শুক্রবার সকালে বিদ্যালয় মাঠে পুনর্মিলনী উদযাপন পরিষদের আয়োজনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উদযাপন পরিষদের আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।
‘স্মৃতির নোঙর ফেলে এসো মিলি প্রাণের সৈকতে’- এ স্লোগানকে সামনে রেখে বিদ্যালয় মাঠে এক হাজারেরও বেশি সাবেক-বর্তমান শিক্ষার্থীর মিলনমেলা ঘটে। কমিটির সদস্যসচিব খুরশিদ আলম ও সাবেক ছাত্র শামছুল আলম শাকিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব সুলতানা আক্তার, ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া ও সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আখতার নূর।

অনুষ্ঠানে স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক, সদস্যসচিব ইব্রাহিম খলিল মনির, জামায়াতের উপজেলা আমির আব্দুল হালিম, পৌর আমির মো. মোস্তফা, ফেনী জেলা জজ কোর্টের এপিপি এডভোকেট এমদাদ হোসেন, এপিপি এডভোকেট আবদুল আলিম মাকসুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী ও সাবেক প্রধান শিক্ষক দীপ্তি লাল বাবুসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
দুপুর সাড়ে ১২টায় বিশেষ অতিথি জেলা প্রশাসক মনিরা হক বেলুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে পুনর্মিলনী স্মরণিকা ‘নোঙর’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে গুণীজনদের সম্মাননা দেওয়া হয়।
দীর্ঘদিন পর একে অপরের দেখা পেয়ে ফটোশুটসহ খুনসুটিতে মেতে উঠেন শিক্ষার্থীরা। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

