গোয়েন্দা পুলিশের ছদ্মবেশে ডাকাতির চেষ্টা, আটক ৪

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোয়েন্দা পুলিশের ছদ্মবেশে ডাকাতির চেষ্টা, আটক ৪

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা-য় গোয়েন্দা পুলিশের ছদ্মবেশে ডাকাতির চেষ্টা চালানোর সময় স্থানীয় জনতার হাতে ৪ সদস্যের একটি ডাকাতদল আটক হয়েছে। পরে গণধোলাই দিয়ে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার উপজেলার সিকিরবাজার এলাকার বান্দর গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন—বরিশালের উজিরপুর উপজেলার পরমানশা গ্রামের রবিউল ঢালী (২৫), বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ দুধাল গ্রামের ইলিয়াছ (৩২), একই এলাকার পারভেজ (৩৩) এবং বরগুনার বামনা উপজেলার জহির (৩৮)। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাসে করে সংঘবদ্ধ ডাকাত দল সিকিরবাজার এলাকায় ওত পেতে ছিল। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে স্বর্ণালংকার নিয়ে বাড়ি ফিরছিলেন দুই ভাই স্বর্ণ ব্যবসায়ী শিব শংকর কর্মকার ও কৃষ্ণ কর্মকার। পথিমধ্যে ডাকাতরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে মাইক্রোবাসে তুলে নেয়।

এরপর ছোট ভাই কৃষ্ণ কর্মকারকে মারধর করে সিকিরবাজার এলাকায় ফেলে রেখে যায় এবং বড় ভাই শিব শংকর কর্মকারকে স্বর্ণালংকারসহ নিয়ে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত প্রতিরোধ গড়ে তোলে এবং বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে ডাকাতদের গতিরোধের চেষ্টা করে।

ডাকাতরা গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা রিকশা-ভ্যান দিয়ে বাধা দেয়। এ সময় জনতা দুই ডাকাতকে আটক করে গণধোলাই দেয় এবং অপহৃত শিব শংকর কর্মকারকে উদ্ধার করে। বাকি সদস্যরা স্বর্ণালংকার নিয়ে মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়।

পরে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযানে আরও দুই ডাকাতকে আটক করা হয়। গণধোলাইয়ে আহত দুই ডাকাতকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহত দুই ব্যবসায়ীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ-এর কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ মাহমুদ জানান, আটক ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে বান্দর গ্রামের সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী ও স্লুইজগেট সংলগ্ন এলাকা থেকে একটি খেলনা পিস্তল, র‌্যাবের পোশাক ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন