মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার পর শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা ধরে চলে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটির নেতৃত্বে ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন।
মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি হয়। এ সময় একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় ও আহত হওয়ার কারণ নিশ্চিত হওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করার তথ্যও পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে।
খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের কারণ, হতাহতের প্রকৃত সংখ্যা এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


