ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে মেঘনা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গাড়ির ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও বাসে থাকা যাত্রীদের মতে, ঢাকা মেট্রো ব-১৫- ৪৬৬৮ নম্বরের মেঘলা পরিবহনের একটি বাস গাউছিয়া থেকে কলাবাগানের উদ্দেশে যাচ্ছিল। বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। বাসটি চলার কিছুক্ষণ পর দুই যুবক বাসের পেছনের দিকে চলে যান। এর দুই থেকে তিন মিনিট পর বাসের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় সবাই বাস থেকে নেমে যায়। আর ওই দুজন দ্রুত পালিয়ে যান।

ক্ষতিগ্রস্ত বাসের হেলপার তানজিল জানান, ১৬ জন যাত্রীসহ ঢাকার পথে যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জের ১০ তলাসংলগ্ন জায়গা থেকে দুজন যুবক বাসে উঠে পেছনের সিটে গিয়ে বসেন। এরপর তারা ইউটার্নের সামনে এসে গাড়ি থেকে নামতেই আগুন ধরে। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সবাই দ্রুত বাস থেকে নেমে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসের একেবারে পেছনের বাম পাশের কোনার একটি আসনে প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন