গাজীপুরে কর্মচাঞ্চল্য ফিরেছে পোশাক কারখানায়

গাজীপুরে কর্মচাঞ্চল্য ফিরেছে পোশাক কারখানায়

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলা আন্দোলনের প্রায় এক মাস পর শিল্পাঞ্চল টঙ্গী ও গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য। শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সরেজমিনে দেখা গেছে, জেলার শিল্পনগরী টঙ্গীর গাজীপুরা, সাতাইশ, খরতৈল, বাগানবাড়ি, বিসিক, টঙ্গীবাজার, ভাদাম, মুদাফা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ী, গাছা, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে শ্রমিক আন্দোলনে উত্তপ্ত ছিল গাজীপুর। এতে শিল্পাঞ্চলের প্রায় ৭০ ভাগ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। প্রতিদিন শ্রমিকদের বিক্ষোভের জেরে অর্ধশত কারখানা ছুটি দেওয়া হতো। তবে মজুরি বোর্ডের ঘোষিত নতুন মজুরি মেনে নিয়ে কাজে যোগদান করেছেন শ্রমিকেরা। এতে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে গাজীপুরের শিল্পাঞ্চলে।

শনিবার সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার কোথাও আন্দোলন, বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।

জেলার পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক মিনা আক্তার, মর্জিনা, সালেহা, সিফাত, সাইফুল ও আরমান বলেন, নতুন মজুরিতে আমরা খুশি। আমরা আর কোনো আন্দোলন চাই না। সরকারকে ধন্যবাদ জানাই। আজ থেকে আমরা আনন্দের সঙ্গে কাজ করব।

পোশাকশ্রমিক রাহিমা ও ইতি আক্তার বলেন, আগে যে বেতন পেতাম, তা দিয়ে আমাদের মাসের খরচ হতো না। বাড়িভাড়া অনেক বেশি, বাজারে জিনিসের দাম বেশি। তবে এখন আমরা খুশি। আমাদের আর কষ্ট হবে না।

কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, আন্দোলন থেকে শ্রমিকেরা বেরিয়ে এসেছেন। তারা আনন্দের সঙ্গে কারখানায় যোগদান করছেন। এখন অনেক স্বস্তি দেখা দিয়েছে। সরকারের নির্ধারিত বেতনে শ্রমিকেরা খুশি। কারখানা ভালো চললে আমরা ও শ্রমিকেরা ভালো থাকব। দেশের পোশাকশিল্প এগিয়ে যাবে।

এ ব্যাপারে টঙ্গী মাসকো গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে কারখানায় কাজে যোগ দিয়েছেন। তাদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। শ্রমিকদের একটাই কথা, তারা কোনো আন্দোলন-সংগ্রাম চান না। শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান। শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে তাদের জন্য হেড সেফটি হেলমেট দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আশা করি আজ থেকে শ্রমিকেরা আর আন্দোলনে আসবেন না, তারা কাজে মনোনিবেশ করবেন। তবে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, টঙ্গীতে পোশাক কারখানার শ্রমিকেরা সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। পুলিশ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে তৎপর রয়েছে। কোনো দুষ্কৃতকারী যাতে কারখানা এলাকায় কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোচ্চার রয়েছে। এ ছাড়া কারখানার মালিকপক্ষ নিজ নিজ কারখানার নিরাপত্তায় নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন