ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক অভিযান চালানো হলে মার্কিন বাহিনীকে এই অঞ্চল ছেড়ে নিজ দেশে ফিরে যেতে বাধ্য করবে ইরান। শুক্রবার রাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।
শত্রুপক্ষের নানা বাধা ও অপপ্রচার সত্ত্বেও ইরানের সব সমুদ্রবন্দর পুরোপুরি সচল রয়েছে বলে দাবি করেছেন তিনি।
সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন বাহিনীকে পিছু হটে আরব সাগর ও উত্তর ভারত মহাসাগরে অবস্থান নিতে বাধ্য করা হয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক অভিযান চালানো হলে মার্কিন বাহিনীকে শেষ পর্যন্ত এ অঞ্চল ছেড়ে নিজ দেশে ফিরে যেতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শাহরাম ইরানি বলেন, যুদ্ধের আগে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টির জন্য সাধারণত নৌ অবরোধ আরোপ করা হয়। কিন্তু চলমান যুদ্ধের মধ্যে এমন অবরোধের ঘোষণা দেওয়া সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতারই প্রমাণ।
তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সমন্বিত প্রতিরোধে শত্রুপক্ষকে আটকে দেওয়া সম্ভব হয়েছে। বর্তমানে তারা হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি চাওয়ার পর্যায়ে নেমে এসেছে।
ইরানের বন্দরগুলো সচল রাখার ক্ষেত্রে নাবিক, জাহাজের কর্মী ও তেলবাহী ট্যাংকারের শ্রমিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তারা দিনরাত কাজ করে সামুদ্রিক বাণিজ্য ও পণ্য পরিবহন অব্যাহত রেখেছেন।
নৌবাহিনী প্রধান আরো বলেন, সর্বাধিনায়কের নতুন নির্দেশনা অনুযায়ী ইরানের সামরিক বাহিনী এখন থেকে নিজেদের অভিযান পরিচালনায় ভৌগোলিক সীমাবদ্ধতায় আবদ্ধ থাকবে না। শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের জবাব দিতে সামরিক সক্ষমতা আরো বাড়ানো হবে।
এছাড়া বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের অভিযানে ঘাঁটির কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এতে মার্কিন বাহিনীকে তাদের কমান্ড কাঠামোর কিছু অংশ অধিকৃত ভূখণ্ড ও নৌযানে সরিয়ে নিতে হয়েছে।
ইরানের ডেনা যুদ্ধজাহাজে নিহত নাবিকদের হত্যার প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করেন শাহরাম ইরানি। তিনি অভিযোগ করেন, এ ঘটনায় আন্তর্জাতিক আইন ও সমুদ্রবিষয়ক প্রচলিত বিধিবিধান লঙ্ঘন করা হয়েছে।
সূত্র: প্রেস টিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




