ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি দাম নেতানিয়াহুর

আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ

ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি দাম নেতানিয়াহুর
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ‘এসএস ক্যাটেল’ খামারে আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ (বাঁয়ে) ও ‘নেতানিয়াহু’ (ডানে)। ছবি: আমার দেশ

কোরবানির ঈদ সামনে রেখে নারায়ণগঞ্জের দুটি অ্যালবিনো জাতের মহিষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ব্যতিক্রমী চেহারা ও আচরণের কারণে মহিষ দুটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’। মহিষ দুটিকে একনজর দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে খামারে ভিড় করছেন দর্শনার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ‘এসএস ক্যাটেল’ খামারে লালন-পালন করা বিশালাকৃতির অ্যালবিনো মহিষের নাম রাখা হয় ‘নেতানিয়াহু’। এই মহিষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে পড়ে। এরপর থেকেই খামারটিতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা যায়। ইতোমধ্যে মহিষ দুটি বিক্রিও হয়ে গেছে। দামে ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে গেছে নেতানিয়াহু।

বিজ্ঞাপন

খামার কর্তৃপক্ষ জানায়, ‘নেতানিয়াহু’র ওজন ৭৫০ কেজির বেশি। এর আচরণ কিছুটা আক্রমণাত্মক। চোখ-মুখ ও চুলের স্টাইলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিল খুঁজে পাওয়ায় এমন নামকরণ করা হয়েছে।

এসএস ক্যাটেল ফার্মের ব্যবস্থাপক মেহেদি জানান, তাদের খামারে ছয়টি অ্যালবিনো মহিষ রয়েছে। সবগুলোই কিছুটা দুষ্টু স্বভাবের হওয়ায় ‘নেতানিয়াহু-ওয়ান’ থেকে শুরু করে ‘নেতানিয়াহু-সিক্স’ পর্যন্ত নাম রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত মহিষটি ইতোমধ্যে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ছয় লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

অন্যদিকে, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার ‘রাবেয়া এগ্রো ফার্মে’ দর্শনার্থীদের মূল আকর্ষণে পরিণত হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের আরেকটি অ্যালবিনো মহিষ। এটির গায়ের রং গোলাপি।

খামারের রাখালরা জানান, মহিষটির মাথার চুলের বিশেষ স্টাইল দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল খুঁজে পান তারা। এরপরই এটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি লাইভ ওয়েট হিসাবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি করা হয়েছে। কোরবানির আগেই এটি নতুন মালিকের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় খামার কর্তৃপক্ষ।

দর্শনার্থীদের অনেকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখে তারা ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’কে সরাসরি দেখতে এসেছেন। বিশেষ করে অস্বাভাবিক সাদা-গোলাপি রং এবং বড় আকৃতির কারণে এগুলো সাধারণ মহিষের চেয়ে সম্পূর্ণ আলাদা দেখাচ্ছে। এবার কোরবানির পশুর বাজারে বড় গরুর পাশাপাশি ব্যতিক্রমধর্মী মহিষ নিয়েও মানুষের আগ্রহ বাড়ছে। আর সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে সেই আগ্রহ আরো কয়েকগুণ বেড়ে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন