মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝের খালে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন (৫০) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া সেলফি পরিবহনের বাসটি বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের হাসপাতালে পাঠান।
বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, বাসটির সামনের একটি চাকা হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খালে পড়ে যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পর দেলোয়ার হোসেন নামে একজনের মৃত্যু হয়। বাসটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

