গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব নামে এক পোশাককর্মী মারা গেছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সাকিবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি ওই ভবনের নিচতলার একটি কক্ষে কয়েকজন পোশাককর্মীর সঙ্গে ভাড়া থাকতেন।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, নাওজোর এলাকায় তিন তলা একটি ভবনের নির্মাণকাজ প্রায় শেষপর্যায়ে রয়েছে। ভবনটির নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ নির্মাণ করে পোশাককর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই সাকিব মারা যান এবং বিস্ফোরণে কক্ষটির দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও জানান, লাশ বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

