গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সোয়া ৮টার দিকে ঘটনাটি ঘটে। আগুন নেভাতে গিয়ে কারখানার চারজন শ্রমিক ধোয়া ও কেমিক্যালের গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন।
তারা হলেন -কারখানার মেশিন অপারেটর রবিন (২৮), রাহি (৩০), মুস্তাফিজ (৩২ ) ও মামুনুর রশিদ (৩৫)। এদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কারখানার শ্রমিকরা জানান, ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় প্রায় ২৩০ জন শ্রমিক কাজ করেন। শনিবার রাত সোয়া ৮টার দিকে হঠাৎ কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। এসময় কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন। এতে উল্লেখিত চার শ্রমিক কেমিক্যাল গ্যাসের গন্ধে ও ধোঁয়ায় অসুস্থ হোন। তাদেরকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ঢাকা কুর্মিটোলা হাসপাতাল স্থানান্তর করা হয়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১০ মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন
এ ব্যাপারে টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নাফিসা মজিদ বলেন, কেমিক্যালের গ্যাসে ও ধোঁয়ার কারণে ৪ জন শ্রমিক অসুস্থ হয়েছেন। তাদেরকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে কারখানার ম্যানেজার মনির হোসেন বলেন, আগুন আমাদের কারখানার ফায়ার ফাইটাররাই নিভিয়ে ফেলেছে। তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তবে কয়েকজন শ্রমিক ধোঁয়া এবং গ্যাসে অসুস্থ হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বলেন, প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। ক্ষয়-ক্ষতির পরিমান ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

