আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিল নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিল নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে। আহত মুক্তিযোদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত মুক্তিযোদ্ধার নাম ওয়াহিদুজ্জামান নইমুল (৭৬)। তিনি উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে। আর অভিযুক্ত তুহিন প্রধান গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও দনিয়া কলেজ শাখার সহসভাপতি।

​প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা নিয়ে স্থানীয় নাসিমুল-মনির গংদের সঙ্গে ওয়াহিদুজ্জামান নইমুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার দুপুরে বিরোধপূর্ণ জমি পরিমাপের সময় ওয়াহিদুজ্জামান নইমুল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে গেলে তার ওপর ছাত্রলীগ নেতা তুহিনসহ ১০-১২ জন হামলা করে। এ সময় তারা কুপিয়ে ও পিটিয়ে রাস্তায় ফেলে রেখে যায় ওয়াহিদুজ্জামান নইমুলকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​আহত ওয়াহিদুজ্জামান জানান, প্রতিপক্ষ খোকনের ছেলে তুহিন ও তার ছোট ভাইসহ অন্তত ১০-১২ জন তার ওপর হামলা চালান। রাতেও তারা হুমকি দিয়েছেন। তিনি বলেন, তুহিন একজন চিহ্নিত অপরাধী এবং ছাত্রলীগ নেতা। সরকার পরিবর্তনের পর সে দীর্ঘদিন জেল খেটে সম্প্রতি জামিনে বেরিয়ে এসে পুনরায় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।

তিনি আরো বলেন, সালিশ থেকে বের হওয়ার পর তুহিন ও তার সহযোগীরা আমাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

​গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা বলেন, আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার একটি হাত ও একটি পা ভেঙে গেছে এবং মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে তাকে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত তুহিনকে একাধিকবার কল দিলেও কল ধরেননি তিনি। এ বিষয়ে গজারিয়া ওসি হাসান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন