এলাকায় আতঙ্ক

কালিয়াকৈরে পিটিয়ে হত্যার ঘটনায় ২০০ জনের নামে মামলা

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

কালিয়াকৈরে পিটিয়ে হত্যার ঘটনায় ২০০ জনের নামে মামলা
ছবি: আমার দেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়াবাগ চালা এলাকায় গরুচোর সন্দেহে পিটিয়ে তিনজনকে হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ২০০ জনের নামে কালিয়াকৈর থানায় মামলা করেছে। এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার ভোরের দিকে পিকআপযোগে কয়েক ব্যক্তি উপজেলার ফুলবাড়িয়া এলাকার বাগচালা গ্রামে প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে গণপিটুনিতে তিনজন মারা যায়।

বিজ্ঞাপন

এদিকে উত্তেজিত জনতা চোর বহনকারী পিকআপে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফুলবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মফিজুর রহমান বলেন, ঈদুল আযহা উপলক্ষে আমাদের এলাকায় গরু চোরের উপদ্রব বেড়েছে।

রোববার ভোররাতে পিকআপযোগে কিছু লোক এলাকায় প্রবেশ করলে তাদের গতিবিধিতে সন্দেহ হয়। পরে লোকজন তাদের ঘেরাও করে তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদকালে তাদের কথায় অসংলগ্ন মনে হলে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে পুলিশে খবর দিলে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া ক্যাম্পের ইনচার্জ এসআই সফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ২০০ জনের নামে হত্যা মামলা করেন। থানায় মামলার বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, গণপিটুনিতে সন্দেহভাজন তিন ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। অজ্ঞাতনামা ২০০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন