মাস্টারকে মুক্তির আশ্বাসে সাত ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যানের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার বেলা ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হলে দুই ঘাটে আটকে থাকা দুই শতাধিক যানবাহন পারাপার শুরু হয়।
এর আগে শুক্রবার ফেরি দুর্ঘটনায় মাদরাসাছাত্র নিহতের ঘটনায় ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে নৌ পুলিশ। এর প্রতিবাদে শনিবার ভোর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ফেরি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। ফলে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ এই নৌরুটের ফেরি চলাচল।
সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুর প্রান্তের ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে দুই শতাধিক যানবাহন। এতে যাত্রী, চালক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের চরম দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী গাড়ির চালকেরা।
কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের দাবি, মাস্টার মোশাররফ হোসেনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন তারা।
বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশনের (বিমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, আমাদের চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, আজকের মধ্যে মাস্টারকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। সেই আশ্বাসে আজকের কর্মবিরতি প্রত্যাহার করেছি। তা না হলে আগামীকাল থেকে সারা দেশে কর্মবিরতি পালন করব।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন ফেরি চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা ও শর্তসাপেক্ষ আশ্বাসের পর মাস্টার অ্যাসোসিয়েশন কর্মবিরতি প্রত্যাহার করেছে। এরই মধ্যে ফেরি চলাচল শুরু হয়েছে।
এরআগে, গতকাল শুক্রবার নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দিলে তরিকুল ইসলাম (১০) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়। এ ঘটনায় চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে। পরে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

