বিদ্যুৎহীন গোটা এলাকা

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড শ্রীপুরের ৩ গ্রাম

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড শ্রীপুরের ৩ গ্রাম

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে তিনটি গ্রামের বসতবাড়ি, গাছপালা ও ফসলের মাঠ। ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়েছে অসংখ্য গাছ, ভেঙে গেছে ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন। এতে দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি এলাকা।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর, জাহাঙ্গীরপুর ও ধামলই গ্রামের উপর দিয়ে এই কালবৈশাখী ঝড় বয়ে যায়। এছাড়াও ইউনিয়নের আরো কয়েকটি গ্রামে কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, ঝড়ে প্রায় প্রতিটি বাড়িঘরের ক্ষতি হয়েছে। কোথাও বসতবাড়ির উপর ভেঙে পড়েছে বড় বড় গাছ, কোথাও আবার সম্পূর্ণ ভেঙে গেছে ঘরের চালা। অনেক কৃষকের গবাদিপশুও আহত হয়েছে গাছপালা ভেঙে পড়ায়। মৌসুমি ফল কাঁঠালের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তীব্রতায় পাকা বোরোধান মাটিতে লুটিয়ে পড়েছে এবং শাকসবজির খেত নষ্ট হয়ে গেছে।

এছাড়া বৈদ্যুতিক সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু স্থানে মেইন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

হয়দেবপুর গ্রামের বাসিন্দা নান্নু মণ্ডল বলেন, হঠাৎ করেই প্রবল ঝড়ে গাছপালা ভেঙে বাড়ির উপর পড়ে। এতে আমাদের বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। অর্ধশতাধিক গাছ উপড়ে গেছে।

জাহাঙ্গীরপুর গ্রামের কৃষক আব্দুল বারেক বলেন, প্রায় সব গাছপালা উপড়ে গেছে। একটি গাছও ঠিকভাবে দাঁড়িয়ে নেই। ঝড়ের গতি এত বেশি ছিল যে নারী ও শিশুরা আতঙ্কে কান্নাকাটি শুরু করে।

হয়দেবপুর গ্রামের বাসিন্দা শহিদুল্লাহ খান বলেন, গ্রামের শতাধিক স্থানে বিদ্যুতের মেইন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে আছে। দীর্ঘ সময় গ্রাম বিদ্যুৎহীন থাকতে পারে।

কাওরাইদ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মো. আনিছুর রহমান বলেন, কালবৈশাখী ঝড়ে বহু স্থানে মেইন লাইন ছিঁড়ে গেছে। অনেক গাছ বিদ্যুতের লাইনের উপর পড়ে আছে। সেগুলো সরিয়ে সংযোগ স্বাভাবিক করতে সময় লাগবে।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, “কালবৈশাখী ঝড়ে স্থানীয় কৃষকদের বোরোধান ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির জন্য মাঠকর্মীদের পাঠানো হয়েছে।”

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ভূঁইয়া বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...