গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন হাওলাদারকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে অভিযান চালিয়ে টঙ্গীর উত্তর আউচপাড়া খাঁ-পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল্লাহ আল মামুন হাওলাদার উত্তর আউচপাড়া খাঁ-পাড়া এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার পুলিশের একটি দল রাত সাড়ে ১০টায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপার টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহীন খান বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। থানায় আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ বৃহস্পতিবার গাজীপুর আদালতে পাঠানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

