গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দিঘাব গ্রামের মাসুমা সুলতানা (৩০) নামে এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। দুই দিন আগে ঢাকার পিজি হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক ডা. রুহুল আমিনের সহযোগিতায় সিজারিয়ানের মাধ্যমে তিন ছেলে ও দুই মেয়েসন্তানের জন্ম দেন মাসুমা সুলতানা। সন্তানদের জনক কাজল মিয়া সৌদিপ্রবাসী। এর আগে তাদের ৯ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
মা ও নবজাতক পাঁচ সন্তানকে ঢাকা থেকে এনে ডা. রুহুল আমীনের প্রতিষ্ঠিত কাপাসিয়া উপজেলার রায়েদ মগারটেক এলাকায় মডিউল কমিউনিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আনন্দঘন পরিবেশে শুক্রবার রাতে পরিবারের লোকজন তাদের বাড়িতে নিয়ে গেছেন।
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি দেশবরেণ্য আলোচিত চিকিৎসক ডা. রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে হাসপাতালে মা ও সন্তানেরা সুস্থ আছেন। বাড়িতে নেওয়ার আগে মডিউল কমিউনিটি হাসপাতালে পাঁচ নবজাতককে দেখার জন্য স্থানীয় উৎসুক মানুষের ভিড় জমে। ডা. রুহুল আমিন ইতোপূর্বে জোড়া বাচ্চা অপারেশনের মাধ্যমে আলাদা করে ব্যাপকভাবে আলোচনায় আসেন।
পল্লি মডিউল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান সেলিম জানান,
উপজেলার দিঘাব গ্রামের কাজল মিয়ার গর্ভবতী স্ত্রী মাসুমা সুলতানা অসুস্থবোধ করলে এক সপ্তাহ আগে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের পর সিজারিয়ানের মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হয়। অপারেশনটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে অভিজ্ঞ চিকিৎসক দলের দক্ষতা ও সতর্কতার ফলে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। পুরো প্রক্রিয়াটি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে।
হাসপাতালের পরিচালক আশরাফুল আলম সোহেল জানান, হাসপাতালে তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার রাতে তাদের বাড়িতে নেওয়া হয়েছে। বর্তমানে পাঁচ নবজাতক সুস্থ রয়েছে। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়া অত্যন্ত বিরল ঘটনা। নবজাতকদের সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
পাঁচ নবজাতকের বাবা সৌদিপ্রবাসী কাজল মিয়া একসঙ্গে তাদের পেয়ে খুবই খুশি। তবে তিনি আর্থিকভাবে তেমন সচ্ছল নন। স্থানীয়ভাবে এখন তিনি কৃষিকাজের ওপর নির্ভরশীল। সন্তানদের ভরণপোষণ তার জন্য কষ্টসাধ্য হয়ে গেছে। তিনি মহান আল্লাহ তাআলার কাছে লাখোকোটি শুকরিয়া আদায় করেন। পরিবারের পক্ষ থেকে সবার কাছে মা ও পাঁচ নবজাতকের জন্য সুস্থতা কামনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

