১৫ বছর ধরে এক জেলাতেই এলজিইডি প্রকৌশলী রুহুল ইসলাম

১৫ বছর ধরে এক জেলাতেই এলজিইডি প্রকৌশলী রুহুল ইসলাম

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বদলি নীতিমালার তোয়াক্কা না করে ১৫ বছর ধরে নিজ জেলা ঝিনাইদহে বহাল তবিয়তে চাকরি করছেন হরিণাকুণ্ডু উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম।

বিজ্ঞাপন

ঝিনাইদহ শহরতলীর আদর্শপাড়ার স্থায়ী বাসিন্দা হয়েও তিনি একই জেলার বিভিন্ন উপজেলা প্রকৌশলী পদে দায়িত্ব পালন করছেন প্রভাবের সাথে। এ নিয়ে প্রশাসনিক স্বচ্ছতা ও নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

প্রাপ্ত তথ্যমতে, রুহুল ইসলাম কর্মজীবনে ঝিনাইদহ জেলার মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও শৈলকূপা উপজেলায় বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি হরিণাকুণ্ডু উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। অর্থাৎ দীর্ঘ দেড় দশক ধরে তিনি জেলা গণ্ডির বাইরে বদলি হননি।

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে বদলি ও পদায়নসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ১ (ক) এবং ১ (ঙ) অনুচ্ছেদের প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে—এলজিইডির কোনো কর্মকর্তাকে তার নিজ জেলা কিংবা স্বামী বা স্ত্রীর নিজ জেলায় কোনোভাবেই পদায়ন করা যাবে না। পাশাপাশি একই কর্মস্থলে দীর্ঘদিন অবস্থান সীমিত করা, নির্দিষ্ট সময় পর বাধ্যতামূলক বদলি নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এই নীতিমালার মূল উদ্দেশ্যই হলো স্থানীয় প্রভাববলয়, ব্যক্তিগত সম্পর্ক ও স্বার্থের সংঘাত থেকে কর্মকর্তাদের দূরে রেখে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিরপেক্ষতা বজায় রাখা।

এ বিষয়ে হরিণাকুণ্ডু উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম বলেন, ‘আমার বদলি আর পদায়ন তো আমার হাতে নেই। ওপর থেকে যেভাবে নির্দেশনা আসে, সেভাবে চাকরি করি। আমি তদবির করে ঝিনাইদহে আছি—এ রকম কোনো অভিযোগের সত্যতা নেই।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন