খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান, গুলিসহ ভাই আটক

খুলনা ব্যুরো

খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান, গুলিসহ ভাই আটক

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিহত গোলাম রব্বানী টিপুর বাসায় অভিযান চালিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় ১৫৪ পিস গুলিসহ তার বড় ভাই গোলাম রসুলকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর দৌলতপুর থানার দেয়ানা উত্তর পাড়ায় টিপুরের বাসায় এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

কেএমপির উপপুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ১৪১ পিস টু-টু বোরের গুলি ও ১৩ পিস শর্টগানের গুলিসহ গোলাম রসুলকে আটক করা হয়। উদ্ধারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ, গত ২০২৫ সালের ৯ জানুয়ারি রাতে কক্সবাজারের পাঁচ তারকা হোটেল সীগালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কেসিসির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু (৪৬)। তিনি নগরীর দৌলতপুর এলাকার মো. গোলাম আকবরের ছেলে।

তিনি সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় দেশের অন্যান্য সিটি করপোরেশনের মতো তাকেও পদ থেকে অপসারণ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন