কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে এক মণ ওজনের কাতলা মাছ। মাছটি প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ৪৬ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে।
জানা যায়, স্থানীয় জেলে মুরাদ প্রতিদিনের মতো কয়েকজন জেলেকে নিয়ে পদ্মা নদীতে বেড়জাল ফেলেন। কয়েক ঘণ্টা পর জালে বড় কিছু আটকা পড়ার আভাস পান তারা। জাল তীরে তোলার পর দেখা যায়, সেটি একটি বিশাল আকৃতির কাতলা মাছ।
জেলেরা জানান, তাদের জালে এর আগে কখনো এত বড় কাতলা ধরা পড়েনি। পরে ভেড়ামারার বাসিন্দা রিপন আলী ও তার কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে নেন। পরে তারা নিজেদের মধ্যে মাছটি ভাগ করে নেন।
হাসান আলী জানান, তাদের জীবদ্দশায় এত বড় কাতলা মাছ আগে কখনো দেখেননি। এমনকি পদ্মা নদীর ওই অংশে এর আগে এত বড় কাতলা ধরা পড়ার ঘটনাও তাদের জানা নেই।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

