বাগেরহাটের মোংলায় মুদিব্যবসায়ী মো. সবুর তালুকদারের গোডাউন থেকে ৭৮ ব্যারেল ভোজ্যতেল জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার দুপুরে পৌর শহরের প্রধান বাজারে মেসার্স শোভা স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করেন।
জব্দ করা তেলের পরিমাণ প্রায় ১৫ হাজার ৬০০ লিটার। কোস্টগার্ডের দাবি, তেলগুলো চোরাচালানের মাধ্যমে এনে গোডাউনে মজুদ করা হয়েছিল।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে মোংলা পৌর শহরের প্রধান বাজারে অভিযান চালানো হয়। অভিযানে সবুর তালুকদারের গোডাউনে তল্লাশি চালিয়ে ৭৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল পাওয়া যায়। পরে এসব তেল জব্দ করা হয়। প্রতিটি ব্যারেলে থাকা তেলসহ মোট জব্দকৃত পণ্যের পরিমাণ প্রায় ১৫ হাজার ৬০০ লিটার।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী উপস্থিত ছিলেন। কোস্টগার্ডের সঙ্গে অভিযানে মোংলা থানা পুলিশের সদস্য এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারাও অংশ নেন।
তবে এসব অভিযোগের বিষয়ে ব্যবসায়ী সবুর তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী আমার দেশকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ব্যবসায়ী সবুর তালুকদারের গোডাউন থেকে ৭৮ ব্যারেল তেল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মামলা ও আদালতের নির্দেশনার পর জব্দকৃত তেলের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জব্দ করা তেল কোথা থেকে আনা হয়েছিল, এর আমদানি ও মজুদের বৈধতা রয়েছে কি না এবং বাজারজাতের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-3b7701-720x405.webp)