খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল এলাকায় আক্তার ঢালী (৬০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আক্তার ঢালী ওই এলাকার মৃত মতলব ঢালীর ছেলে এবং স্থানীয়ভাবে বিএনপির কর্মী বলে জানা গেছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনে তদন্ত চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে আক্তার ঢালীর মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
নিহতের পরিবারের সূত্রে জানা যায়, এর আগে গত ১৫ আগস্ট রাতে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) একই এলাকায় কুপিয়ে হত্যা করা হয়েছিল। নিহত আক্তার ঢালী ছেলে হত্যা মামলার বাদী ছিলেন। ধারণা করা হচ্ছে, সেই হত্যাকাণ্ডের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

