চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার দিবাগত রাতে ৫৮ বিজিবির অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার সীমান্ত এলাকায় আব্দুল গণির বাঁশবাগানের পাশে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করা হয়।
এর মধ্যে রয়েছে একটি সচল ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি। পিস্তলের গায়ে ইংরেজিতে ‘MADE IN ITALY’ লেখা রয়েছে। এছাড়া গুলির পেছনে ‘KF 7.65’ লেখা পাওয়া গেছে। উদ্ধারকৃত গুলিগুলো ম্যাগাজিনে লোড করা অবস্থায় ছিল।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা অস্ত্র ও গুলি জীবননগর থানায় জমা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ। তিনি বলেন, রাত ১১টার দিকে ৫৮ বিজিবি মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করে মালিকবিহীন একটি পিস্তল থানায় জমা দিয়েছেন। এছাড়া বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

