শ্যামনগর প্রেসক্লাবের দায়িত্বে সামিউল মনির-আসাদুজ্জামান লিটন

শ্যামনগর প্রেসক্লাবের দায়িত্বে সামিউল মনির-আসাদুজ্জামান লিটন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সামিউল আজম মনির এবং সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান লিটন নির্বাচিত হয়েছেন। ১১টি পদের মধ্যে আটটিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি তিনটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে সামিউল আজম মনির ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম মোস্তফা কামাল পেয়েছেন ১২ ভোট।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান লিটন ২৮ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান সুমন পেয়েছেন ১৮ ভোট।

এদিকে, আটটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন—সহসভাপতি জাহিদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, অর্থ সম্পাদক মেহেদী হাসান মারুফ, সাংগঠনিক সম্পাদক জি এম আব্দুল কাদের, দপ্তর সম্পাদক অনাথ মণ্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলিম, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক এস এম আলমগীর হায়দার এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ।

কার্যকরী সদস্যের তিনটি পদেও ভোটগ্রহণ হয়। এতে শেখ সোহরাব হোসেন ২৬ ভোট পেয়ে প্রথম, মো. কামরুজ্জামান ১৯ ভোট পেয়ে দ্বিতীয় এবং মো. আলমগীর সিদ্দিক ১৮ ভোট পেয়ে তৃতীয় হয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ মাহমুদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী ও অধ্যাপক জি এম মাহাবুব আলম।

নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির নেতারা প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা, সংগঠনের ঐক্য ও কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন