ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ঝিনাইদহে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ জেলা ব্যাপী অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে।

বিজ্ঞাপন

আটককৃতরা হলো ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের যুবলীগ নেতা নুরে আলম বিপ্লবের ছেলে ফারহান নিলয় দীঘল, পৌর এলাকার আরাপপুর এলাকার মেহেদী হাসান সোহেল এবং সদর উপজেলার শ্রীফলতলা গ্রামের আশিক উদ্দিন। জেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে পুলিশের বিভিন্ন ইউনিট তাদের গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৮ জুন) ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিক একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি দ্রুত শেষ করে তারা স্থান ত্যাগ করে। ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টার অভিযোগে ওই দিন দুপুরেই সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরানসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের শান্তি ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে এই ঝটিকা মিছিল করেছিল। বিষয়টি নজরদারিতে আসার পরপরই সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...