ঝিনাইদহে পুলিশ ফাঁড়ির মাত্র পাঁচশ’ গজের মধ্যে গলায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা আজমুল হোসেন নামের এক পথচারীর কাছ থেকে ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ডাকাত লিটন সরদার ও সজিব সরদারকে ছুরিসহ আটক করে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার রাত ১০টায় ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বংকিরা গ্রামের হাওনঘাটা মাঠে এ ঘটনা ঘটে। আটক লিটন সরদার চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রামের বজলুর রহমান সরদারের ছেলে এবং সজিব সরদার একই গ্রামের হিরেন সরদারের ছেলে।
বংকিরা গ্রামের আব্দুর রশিদ জানান, চুয়াডাঙ্গার বদরগঞ্জে আক্কাস লেকভিউ পার্কে কাজ শেষে জামাই আজমুল হোসেন তার বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে চারজন ডাকাত তার পথরোধ করে। এসময় ডাকাতরা তার গলায় ছুরি ধরে ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। বংকিরা গ্রামের কৃষক ডালিম মণ্ডল মাঠ থেকে ফেরার সময় ডাকাতির ঘটনা দেখে চিৎকার শুরু করলে গ্রামবাসী ডাকাতদের ঘিরে ফেলে। পরে বংকিরা ফাঁড়ির পুলিশ তাদের আটক করে সদর থানায় সোপর্দ করে। আটক লিটন ও সজিব সরদার ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার রাত দশটায় বংকিরা গ্রামের মাঠ থেকে লিটন ও সজিব নামের দুই ডাকাতকে আটক করা হয়েছে। তারা চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

