শিক্ষকদের মধ্যে ক্ষোভ, জরুরি সভা আহ্বান

ক্যাম্পাসে যাওয়ার পথে কুয়েটের অধ্যাপকের ওপর হামলা

খুলনা ব্যুরো

ক্যাম্পাসে যাওয়ার পথে কুয়েটের অধ্যাপকের ওপর হামলা
ছবি: আমার দেশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে আসার পথে বাসে ওঠার সময় নগরীর খালিশপুর থানার মুজগুন্নি এলাকায় দুজন বহিরাগত ব্যক্তি তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি সাধারণ সভা ডেকেছে কুয়েট শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় হামলার ঘটনায় পরবর্তী করণীয় এবং আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে আলোচনা হবে|

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে বাসে ওঠার সময় অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম দুই বহিরাগত সন্ত্রাসীর হামলার শিকার হন| ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে|

শিক্ষক সমিতি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে|

এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ও যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলেছেন কুয়েটের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাছুদ। গণসংযোগ শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

এদিকে, কুয়েট শিক্ষকের ওপর হামলার বিষয়ে কেএমপির খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ফুটেজ সংগ্রহ করেছে। হামলাকারীদর শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। এ ব্যাপারে হামলার শিকার অধ্যাপক একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত বছর (২০২৫) ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতিতে কুয়েট বন্ধ ও শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর পাঁচ মাস ১০ দিন পর ২৯ জুলাই থেকে কুয়েটের শিক্ষা কার্যক্রমসহ সবকিছু শুরু হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন