চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন।
শুক্রবার সকাল ৯টার দিকে তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে অভিযানের উদ্বোধন করেন। এ সময় তিনি নিজেই ঝাড়ু হাতে নিয়ে হাসপাতাল চত্বর পরিষ্কার করেন এবং সামনে থাকা ঝোপঝাড় কাটেন। পরে হাসপাতালের পেছনের অংশসহ আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে হাসপাতালের সভাকক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি রুহুল আমিন। এ সময় হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে অপারেশন থিয়েটার চালুর অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল আমিন বলেন, “আমার জন্মস্থান জীবননগরের স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ দেখে আমি মুগ্ধ। হাসপাতালের বাইরের পরিবেশ অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন। সাধারণত হাসপাতালে যে ধরনের দুর্গন্ধ থাকে, আজ তা পাইনি। এটি ইতিবাচক দিক।”
তিনি আরও জানান, হাসপাতালের এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে বিকল রয়েছে। অন্যান্য যন্ত্রপাতি সচল থাকলেও দ্রুত সময়ের মধ্যে এক্স-রে মেশিন মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। একজন অ্যানেস্থেসিয়ান নিয়োগ পেলেই অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হবে বলে জানান তিনি।
এছাড়া ৩১ শয্যার জনবল দিয়ে ৫০ শয্যার হাসপাতাল পরিচালনার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সংযুক্তিতে থাকা জনবল ফিরিয়ে আনা বা পদগুলো শূন্য ঘোষণার উদ্যোগ নেওয়া হবে। চিকিৎসকদের প্রতি অযথা রোগী রেফার না করার আহ্বানও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামল কুমার, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান সুজনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু বক্কর, পৌর আমির ফিরোজ হোসেন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটন ও পৌর সেক্রেটারি আরিফ জোয়ার্দ্দার প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

