জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের পাঁচদিন পরও বিদ্যুৎহীন রয়েছে প্রায় ২৫০ পরিবার। উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া এলাকায় বৃহস্পতিবার রাত পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকাল ৬টার দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ও প্রায় তিন শতাধিক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যায় এবং বিভিন্ন স্থানে তার ছিঁড়ে পড়ায় উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হলেও পূর্ব নলছিয়া এলাকার প্রায় আড়াইশ পরিবার এখনও অন্ধকারে দিন কাটাচ্ছে।
পূর্ব নলছিয়া এলাকার বাসিন্দা আলমগীর হোসাইন হৃদয় বলেন, পাঁচদিন ধরে বিদ্যুৎ নেই। রাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মোবাইল চার্জ দেওয়া থেকে শুরু করে খাবার সংরক্ষণ—সবকিছুতেই সমস্যা হচ্ছে।
একই এলাকার ইসাহাক মণ্ডল বলেন, ঝড়ের পর থেকেই বিদ্যুৎ নেই। দিনের চেয়ে রাতে বেশি কষ্ট হচ্ছে। পরিবারের সবাইকে নিয়ে অন্ধকারে থাকতে হচ্ছে। দ্রুত লাইন মেরামত করে বিদ্যুৎ দেওয়ার দাবি জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দা মো. জিয়া, আব্দুল গণি, লাল মিয়া, সাইফুল ইসলাম, বাচ্চু মিয়া, সালাউদ্দিন, রেজা মিয়া, রুস্তম, কলু মণ্ডল ও খোকা মণ্ডলসহ অনেকে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, গত রোববারের কালবৈশাখী ঝড়ে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। ঈদের দিনেও আমাদের কর্মীরা মাঠে কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

