গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল

গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল

গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে পৌরপার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার জনগণকে পাশে পাবে না। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে পাঁয়তারা করছেন, তা কখনোই বাস্তবায়িত হবে না। আওয়ামী লীগের জনশক্তিকে চাঙা রাখতেই পলাতক খুনি হাসিনা দেশে নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছেন।

সরকারের উদ্দেশে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য অচিরেই বন্ধ করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা জনগণ মেনে নেবে না। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জুলাই আন্দোলনের মতো ছাত্র-জনতা আবারও দেশকে স্থিতিশীল করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়বে।

জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুস সবুর, জেলা নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. আমানুল্লাহ, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, জেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী, সদর উপজেলা আমির অধ্যাপক গোলাম কবির এবং পৌরসভা আমির অ্যাডভোকেট মো. শফিক এনায়েত উল্লাহ প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরপার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন