নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।
বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিম এমপি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইউনিট সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির, বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুর রহিম সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এবং গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নূরন্নবী প্রধান, জেলা সহকারী সেক্রেটারি ফয়সল কবির রানা, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভীসহ জেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণভোটে জনগণের দেওয়া রায়ের যথাযথ বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতৃবৃন্দ জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন ঘটাতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


