চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে ‘গুপ্ত জামায়াত’ থাকার অভিযোগ তুলে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ অভিযোগ করেছেন, জেলা বিএনপির বর্তমান কমিটির নেতারা কেউ কেউ “গুপ্ত জামায়াতের সদস্য” এবং নির্বাচনের সময় তারা দলের পক্ষে ভোট না দিয়ে জামায়াতকে সহযোগিতা করেছেন।

গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

হারুনুর রশিদ তার বক্তব্যে বলেন, “বর্তমান জেলা বিএনপির দায়িত্বে থাকা সবাই গুপ্ত জামায়াতের সদস্য। নির্বাচনের সময় তারা দলের জন্য কাজ করেনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেউ বিএনপির ভোট করেনি। তাই দলের চেয়ারম্যানের কাছে অনুরোধ, বিষয়টি তদন্ত করা উচিত।”

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের সময় দলের কিছু নেতা প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ ও মশাল মিছিল করেছে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে রেল অবরোধ পর্যন্ত করা হয়েছে। তিনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে এসব বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

হারুনুর রশিদ ছাত্রদলের উদ্দেশে বলেন, সংগঠনটিকে আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে গড়ে তুলতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। একই সঙ্গে তিনি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

তার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “আমি যা বলেছি, সেটাই আমার মন্তব্য। এর বেশি কিছু বলার নেই।”

হারুনুর রশিদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (রফিক চাইনিজ)।

তিনি বলেন, “জেলা বিএনপির কমিটি তারেক রহমানের দেওয়া। ২০২১ সালে গঠিত কমিটি প্রকাশ্যে আন্দোলন-সংগ্রাম করেছে। তাই তাদের ‘গুপ্ত’ বলা ভিত্তিহীন।”

তিনি আরও দাবি করেন, হারুনুর রশিদ অতীতে সরকারের পক্ষে বক্তব্য দিয়ে দলকে ক্ষতিগ্রস্ত করেছেন এবং নির্বাচনেও পরাজিত হয়েছেন। তার ভাষায়, “পরাজয়ের পর এখন ব্যক্তিগত বক্তব্য দিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।”

এদিকে জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠানও হারুনুর রশিদের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, জেলা বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একটি শক্তিশালী সংগঠন। বরং হারুনুর রশিদ নিজেই বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দলকে প্রশ্নবিদ্ধ করছেন।

এই বক্তব্য ও পাল্টা বক্তব্যকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকাশ্য রূপ নিচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...