আ.লীগ নেতার ছেলে অস্ত্রসহ গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

আ.লীগ নেতার ছেলে অস্ত্রসহ গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীর চরাঞ্চলে অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মাহবুবুর রহমান দিপু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান দিপু নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক তোজাম্মেল হকের ছেলে। তার মা সুলতানা হক কাজীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের যমুনা নদীর চরাঞ্চল রেহাইসুরিবেড় গ্রামের মগবাজার এলাকায় একটি ওয়ার্কশপে অভিযান চালানো হয়। সেখানে লেদ মেশিন ব্যবহার করে দেশীয় অস্ত্র, বিশেষ করে পাইপগান তৈরি করা হচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল। এ সময় মাহবুবুর রহমান দিপুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়ালসহ পাইপগান তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান দিপুকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন