বগুড়া সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক সমিতির নির্বাচনের দিনে প্রকাশ্যে ধারালো দেশীয় অস্ত্র হাতে মহড়া দিয়ে লোকজনকে ভয়ভীতি দেখানোর ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে বগুড়া জেলা পুলিশ।
এরই ধারাবাহিকতায় বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলীর নেতৃত্বে সদর থানা এসআই আবু জাফর ও ডিবি পুলিশের সদস্যরা শাজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভোরে অভিযুক্ত মাসুদ পারভেজ রনিকে গ্রেপ্তার করেন।
এ সময় তার দেখানো মতে নাটাইপাড়া এলাকার নিজ বাড়ি থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন, দলিল লেখক সমিতির নির্বাচনে অংশ নিয়েছিল রনি। সে তার পক্ষে ভোট বাড়ানোর জন্য অস্ত্র দিয়ে মহড়া দিয়ে লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে। তাকে অস্ত্রসহ শনিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

