পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছেলের বিয়ের কেনাকাটা করতে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা। কিন্তু বিয়ের বাজার করে আর বাড়ি ফেরা হলো না। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে লাশ হয়ে ফিরলেন স্বামী-স্ত্রী। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ্ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামের আনোয়ার মালিথা (৫৭) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনোয়ার মালিথার ছেলে সিয়ামের বিয়ে। বিয়ের আয়োজনের কেনাকাটার জন্য বুধবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী দুজন মোটরসাইকেলে করে ঈশ্বরদী বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে শহরের আলহাজ্ মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান আনোয়ার মালিথা ও স্বপ্না খাতুন। এ সময় স্বপ্না খাতুন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আনোয়ার মালিথাকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একসঙ্গে ছেলের বিয়ের বাজার করতে বের হয়ে স্বামী-স্ত্রীর এমন করুণ মৃত্যুতে সাহাপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। যে বাড়িতে ছেলের বিয়েকে ঘিরে আনন্দ-উৎসবের প্রস্তুতি চলছিল, সেই বাড়িতেই এখন চলছে মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

