মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী
অভিযুক্ত মুক্তি (বামে)। ভুক্তভোগী রায়হান (ডানে)। ছবি: আমার দেশ

প্রেম করে বিয়ের ৯ মাস পর উভয়ের সম্মতিতে বিবাহবিচ্ছেদ হয় রুকাইয়া তাসনিম মুক্তির। বিচ্ছেদের দেড় মাস পর রাজশাহীর চন্দ্রিমা থানায় সাবেক স্বামী রায়হান হাওলাদারের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ করেন। এর তিন মাস পর হুমকি-ধমকির বিষয়ে ওই থানায় আরো একটি ডায়েরি করেন মুক্তি। কিন্তু এসব ঘটনার সত্যতা না থাকায় অভিযোগ দুটি খারিজ হয়ে যায়। এতেও থামেননি তিনি। একের পর এক মামলা ও হুমকি দিচ্ছেন সাবেক স্বামীকে।

বিজ্ঞাপন

অভিযুক্ত মুক্তি নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের মোজাম্মেল হকের মেয়ে এবং রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগী রায়হান হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার গোচড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ঢাকায় একটি সরকারি চাকরি করেন।

শনিবার দুপুরে স্থানীয় চলনবিল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাবেক স্বামী রায়হান লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগী রায়হান বলেন, সামাজিক মাধ্যমে পরিচয়ের পর ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর পরিবারের অগোচরে তাদের বিয়ে হয়। মুক্তির বেপরোয়া জীবনযাপন ও পরকীয়ায় আসক্তির কারণে ৯ মাস পর ২০২৬ সালে ১ মে উভয়ের সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

বিচ্ছেদের পর তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে সামাজিক মর্যাদা ক্ষুণ্নসহ কর্মস্থলেও হেয় প্রতিপন্নের শিকার হচ্ছেন তিনি।

মুক্তির পরিবারকে জানিয়েও প্রতিকার পাননি তিনি। বাধ্য হয়ে সাবেক স্ত্রীর হয়রানি থেকে মুক্তি পেতে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন।

এ ঘটনার সত্যতা যাচাইয়ে মুক্তির বাড়িতে যান সাংবাদিকেরা। এ সময় মুক্তির বাবা মোজাম্মেল হক বলেন, তার মেয়ের বিয়ে এবং ৯ মাস সংসার করার ঘটনা জানতেন না। ঘটনাটি জানার পরে মুক্তিকে কোনো খরচপাতি দেন না, কথাবার্তাও বলেন না। তবে মুক্তির মা রানুকা বেগম ও ভাই মো. রবিন হক বিয়ের বিষয়টি জানেন বলে স্বীকার করেন।

এ বিষয়ে একাধিকবার মুক্তির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...