নাটোরের বড়াইগ্রামে মাদকবিরোধী অভিযানে ১১৫ পিস ইয়াবা জব্দের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। রোববার দিবাগত রাতে উপজেলার নগর বাজার এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ব্যক্তিদের নামে থানায় মামলা হয়েছে।
সোমবার দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও জব্দ করা মোবাইল ফোনের তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ জানতে পেরেছে যে, তারা বিএনপি নেতা সাব্বাব হক সাবুর কাছ থেকে ইয়াবা নিয়ে ব্যবসা করতেন। সাবু উপজেলার চৌমুহন গ্রামের বাসিন্দা, স্থানীয় বিএনপি নেতা ও জোনাইল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
গ্রেপ্তারকৃতরা হলেন—চরগোবিন্দপুর গ্রামের মৃত আজাহার আলী মণ্ডলের ছেলে বুলবুল মণ্ডল (২৪), চৌমুহন উত্তরপাড়া গ্রামের আব্দুল রশিদের ছেলে হাসিবুল হাসান রাজু (২৬) এবং আবু তালেব মোল্লার ছেলে আজিজুল হক স্বপন (২৬)।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার বুলবুল মণ্ডলের প্যান্টের পকেট থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়াও গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন পালসার এনএস ১৬০ সিসি মোটরসাইকেল ও তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।
এ ব্যাপারে কথা বলার জন্য বিএনপি নেতা সাব্বাব হক সাবুর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ও জব্দকৃত মোবাইল ফোনের তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, ওই যুবকেরা বিএনপি নেতা সাব্বাব হক সাবুর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ব্যবসা করতেন। তাদের বিরুদ্ধেমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

