নাটোরে হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত ৭ বছরের শিশুর জামিন

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোরে হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত ৭ বছরের শিশুর জামিন
আদালতে স্কুলের পোশাকে আইনজীবীর সঙ্গে শিশু

নাটোরের নারী ও শিশু আদালতে হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত সাত বছর বয়সী এক শিশুকে জামিন দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার বাদীকে পরবর্তী ধার্য তারিখে আদালতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে। এ ঘটনায় আদালতপাড়া ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার দুপুরে স্কুলের পোশাকে হাজির হয়ে শিশুটি জামিন আবেদন করে। পরে আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ রফিকুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার বাদী শাহানুর রহমানকে পরবর্তী তারিখে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, আইনজীবীর দেওয়া কাগজপত্র ও জন্মনিবন্ধন যাচাই করে বিচারক শিশুটির বয়স ৭ বছর ৭ মাস ২ দিন নির্ধারণ করেন। এ সময় গুরুদাসপুর থানায় দায়ের করা এফআইআরে তার বয়স ২১ বছর উল্লেখ থাকায় বিচারক বিস্ময় প্রকাশ করেন।

বিচারক শিশুটিকে ৫০০ টাকা জামানতে একজন আইনজীবীর জিম্মায় জামিন দেন।

শিশুটির পক্ষে আইনজীবী শামীম উদ্দীন প্রামাণিক বলেন, “বাদী আক্রোশবশত শিশুটির বয়স ভুলভাবে ২১ বছর দেখিয়ে এজাহার দায়ের করেছেন। জন্মনিবন্ধন অনুযায়ী তার বয়স ৭ বছর ৭ মাস ২ দিন। বয়স নিশ্চিত হওয়ার পর আদালত তাকে জামিন দিয়েছেন।”

শিশুটির বাবা শাহজাহান আলী বলেন, “আমার ছেলে ঘটনার কিছুই জানে না। ঘটনার সময় সে স্কুলে ক্লাসে ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও বিষয়টি লিখিতভাবে নিশ্চিত করেছেন।”

তবে মামলার বাদী শাহানুর রহমান বলেন, “মামলা করার সময় অনুমান করে বয়স ২১ বছর লেখা হয়েছিল। পরে দেখি তার বয়স ১৫ বছর হতে পারে। আমার ছেলেকে মারধর করা হয়েছে, আহত অবস্থায় সে যাদের নাম বলেছে তাদেরই আসামি করেছি।”

এ বিষয়ে জানতে চাইলে তিনি শিশুটির প্রকৃত বয়স ৭ বছর জানানো হলে আর মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে কয়েকজন আহত হন। পরদিন ১০ এপ্রিল গুরুদাসপুর থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় একই এলাকার শাহজাহান আলীর ছেলে মো. হুসেন নামে দ্বিতীয় শ্রেণির ওই ৭ বছরের শিশুর নামও আসামি হিসেবে উল্লেখ করা হয়।

গুরুদাসপুর থানার ওসি মো. মনজুরুল আলম বলেন, “বাদী ভুল ও মিথ্যা তথ্য দিয়ে শিশুটির বয়স ২১ বছর উল্লেখ করেছেন। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে শিশুটির নাম মামলা থেকে বাদ দেওয়া হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন