পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় সূর্য প্রামাণিক (৪৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেল ৪টার দিকে ঈশ্বরদী পৌরসভার অরণকোলা সিমেন্ট মিলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সূর্য প্রামাণিক অরণকোলা এলাকার বাসিন্দা এবং ঈশ্বরদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
ঈশ্বরদী সদর (আমবাগান) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আফজাল হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঈশ্বরদী-পাবনা সড়কের হাড়ুখালী এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি ঈশ্বরদী-পাবনা মহাসড়ক ধরে অরণকোলা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
পরে ওই মিছিলের একটি ভিডিওচিত্র পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য গালিবুর রহমান শরীফের ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের নির্দেশে হাবিবুর রহমানের নেতৃত্বে শেখ হাসিনার প্রত্যাবর্তন সামনে রেখে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওই ভিডিওর ক্যাপশনে দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসরাইল ও পাকশী ইউনিয়ন যুবলীগের মিরাজ হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন বলেও উল্লেখ করা হয়।
পুলিশ পরিদর্শক আফজাল হোসেন জানান, গ্রেপ্তার সূর্য প্রামাণিক ভোরে আয়োজিত ওই মিছিলে সরাসরি অংশ নিয়েছিলেন। অভিযানের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। ওই বিতর্কিত মিছিলের ভিডিওচিত্র তিনি নিজের ফেসবুক আইডি থেকেও পোস্ট করেছিলেন।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

