আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তালগাছ নিধনে বাড়ছে বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ

আমিনুল ইসলাম হিরো, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

তালগাছ নিধনে বাড়ছে বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ

তালগাছ নিয়ে লেখা রবিঠাকুরের ‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে’— এই চিরচেনা প্রতীক আজ রায়গঞ্জের আকাশ থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে। তালপাতায় বাবুই পাখির নিপুণ কারুকাজে গড়া বাসা বাতাসে দুলে দুলে যে নৈসর্গিক সৌন্দর্যের জন্ম দিত, তা এখন শুধুই স্মৃতির অংশ হয়ে পড়ছে। গ্রামবাংলার ঐতিহ্য, পরিবেশ ও জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ উপাদান তালগাছ প্রায় বিলুপ্তির পথে চলে যাওয়ায় বাড়ছে বজ্রপাতের ঝুঁকি, বন্যায় মাটি ক্ষয়সহ প্রাকৃতিক দুর্যোগ। গত কয়েক বছরে বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতে গবাদিপশু ও কৃষকের মৃত্যুর ঘটনা এলাকাবাসীর শঙ্কা ও হতাশা বাড়িয়ে দিয়েছে।

একসময় রাস্তার ধারে, পুকুরপাড়ে, বাড়ির আঙিনায় কিংবা বিস্তীর্ণ খেলার মাঠজুড়ে সারি সারি তালগাছ ছিল চোখে পড়ার মতো। কিন্তু কৃষিজমি সম্প্রসারণ, অপরিকল্পিত বৃক্ষনিধন এবং পর্যাপ্ত তালগাছ রোপণ না করায় সেই দৃশ্য আজ অনেকটাই বিরল হয়ে গেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক দীপক কুমার কর বলেন, তালগাছ শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায় না, এটি বজ্রপাতের মতো দুর্যোগ থেকেও রক্ষাকবচ হিসেবে কাজ করে। এখন তালগাছ কমে যাওয়ায় বজ্রপাতে মৃত্যুর ঘটনাও বাড়ছে। এছাড়া বাবুই জাতীয় পাখির পছন্দের আশ্রয়স্থল বিলুপ্ত হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তাল ফল ও তালগাছ অর্থনৈতিক দিক থেকেও কৃষকদের সমৃদ্ধ করে। তালের মিষ্টি রসে রয়েছে ভিটামিন এ, বি ও সি, পাশাপাশি জিংক, পটাসিয়াম, আয়রন ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। তালের মিশ্রি, গুড় দিয়ে পায়েস ও পিঠা গ্রামবাংলার খাদ্যবৈচিত্র্যে প্রজন্মের পর প্রজন্ম ঐতিহ্য বহন করে আসছে।

এছাড়া তালপাতা দিয়ে পাটি, চাটাই, মাদুর, হাতপাখা ও বিভিন্ন ধরনের কুটিরশিল্প পণ্য তৈরি হয়।

পরিবেশবিদদের অভিমত, তালগাছ শুধু একটি বৃক্ষ নয়, এটি গ্রামীণ জীবন, সংস্কৃতি ও পরিবেশের প্রতীক। এ গাছ হারিয়ে গেলে শুধু প্রকৃতির ভারসাম্যই বিঘ্নিত হবে না, হারিয়ে যাবে বাবুই পাখির নিরাপদ আবাসস্থল এবং গ্রামবাংলার এক অনন্য নান্দনিকতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন