দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করা বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ টাকার এ বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
রোববার বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন এ বাজেট উপস্থাপন করেন।
বাজেট বক্তৃতায় প্রশাসক জানান, নবগঠিত সিটি করপোরেশনের পরিকল্পিত ও টেকসই উন্নয়নের লক্ষ্য সামনে রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। নাগরিকদের আধুনিক ও কার্যকর সেবা নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, চিকিৎসা, বৃক্ষরোপণ, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক অবকাঠামো উন্নয়ন এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, বাজেটে কর খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৭৯ কোটি ৪০ লাখ টাকা, যা গত অর্থবছরের ৪০ কোটি ৬৬ লাখ টাকার তুলনায় প্রায় দ্বিগুণ। রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলাই সিটি করপোরেশনের প্রধান লক্ষ্য।
বাজেটে নগরীর সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সবুজায়ন বৃদ্ধি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নাগরিক সেবার ডিজিটালাইজেশনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে টেকসই নগর উন্নয়ন ও জনবান্ধব বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের রূপরেখাও তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী বগুড়া পৌরসভাকে গত ২০ এপ্রিল দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে উদ্বোধন করা হয়। নবগঠিত সিটি করপোরেশনের এটি প্রথম বাজেট, যা নগর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং নগরীর বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

