মাদকবিরোধী অভিযানে ছাত্রদল আহ্বায়ক ও তার বাবাসহ আটক ৪

মাদকবিরোধী অভিযানে ছাত্রদল আহ্বায়ক ও তার বাবাসহ আটক ৪

দিনাজপুরের হিলিতে যৌথ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২ বোতল ফেনসিডিলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে হিলি পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং তার বাবা পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক রয়েছেন।

বিজ্ঞাপন

এ সময় তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা মালামালের সিজার মূল্য ১ লাখ ৭৮ হাজার ২০০ টাকা।

রোববার দিবাগত রাত সোয়া ১টা থেকে আড়াইটা পর্যন্ত হিলির মুহাড়াপাড়া ও ফকিরপাড়া এলাকায় পৃথক দুটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হিলির মুহাড়াপাড়া গ্রামের মাহে আলম প্রধান (৫০), তিনি পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক; তার ছেলে রিমন (২৮), তিনি পৌর ছাত্রদলের আহ্বায়ক; শাহরিয়ার প্রধান রিফাত (২৫), তিনি পৌর ছাত্রদলের সদস্য। অপরজন একই এলাকার ধরন্দা গ্রামের মৃত রেজাউল মন্ডলের ছেলে বেলাল হোসেন (৩০), তিনি পৌর যুবদলের সদস্য।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে রোববার বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদক সরবরাহের উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীরা বাড়িতে মাদক মজুত করেছেন—এমন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পুলিশ, বিজিবি, এসআরবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। প্রথমে হিলির মুহাড়াপাড়া গ্রামে অভিযান চালানো হয়। সেখানে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসহ চারজনকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হাকিমপুর থানার ওসি বাদশাহ আলম জানান, গতকাল রাতে যৌথ বাহিনী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদকসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন