বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, শিক্ষার মান বজায় রাখার পাশাপাশি মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ক্যাসিনোমুক্ত পরিবেশ গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে ছাত্র-যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অভিভাবক, শিক্ষক এবং সমাজের সচেতন নাগরিকদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
বুধবার বিকেলে লালমনিরহাটের ঐতিহ্যবাহী বেগম কামরুন্নেছা ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী দুলু বলেন, “সমাজ থেকে মাদক ও ক্যাসিনোর মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড দূর করতে হবে। যারা এসবের সঙ্গে জড়িত, তাদের ভবিষ্যৎ অন্ধকার। তরুণ প্রজন্মকে এ ধরনের অপসংস্কৃতি থেকে দূরে রেখে শিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাঠদানে আন্তরিক ও আগ্রহী হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদেরও নিয়মিত কলেজমুখী হয়ে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শনের পাশাপাশি ছাত্রদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে হবে। মাদকমুক্ত থেকে নিজেদের ভবিষ্যৎ গড়ার প্রত্যয় গ্রহণ করলে আগামী প্রজন্ম দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।
অনুষ্ঠানে মন্ত্রী কলেজটির ৩০ বছরের গৌরবোজ্জ্বল পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষা বিস্তার, মানবিক মূল্যবোধ চর্চা ও জাতি গঠনে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। ভবিষ্যতে কলেজটিকে আরও সমৃদ্ধ ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এর আগে মন্ত্রী আসাদুল হাবীব দুলু জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি কলেজ ক্যাম্পাসে একটি তালগাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যবৃন্দ, গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা।
এ সময় মো. জসমত আলীকে সভাপতি এবং মো. মুসা মিয়াকে সাধারণ সম্পাদক করে বেগম কামরুন্নেছা ডিগ্রি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজের ৩০ বছর পূর্তি উদযাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

