আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)

জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

কুড়িগ্রাম-১ আসনে ১১ দলের জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের মনোনীত ট্রাক মার্কার প্রার্থী ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে গিয়ে দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে চারটায় কুড়িগ্রামের নাগেশ্বরী ডিএম ফুটবল মাঠে ১২ দলের নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন। নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। এ সময় জামায়াত প্রার্থী ও জোটের নেতৃবৃন্দ বিন ইয়ামীন মোল্লাকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিন ইয়ামীন বলেন, 'মঙ্গা কবলিত এ অঞ্চল থেকে দূর্নীতি, চাঁদাবাজদের লাল কার্ড দেখিয়ে বিদায় করতে একমাত্র ইসলামের দিকে তাকিয়ে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সম্মান জানিয়ে দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়েছি।’

কুড়িগ্রাম-১ আসনের ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে দীর্ঘ সাত মাস কারাভোগ করেছি। ফ্যাসিস্ট হাসিনা সরকার ডিবি হারুনের মাধ্যমে আমাকে কারাগার থেকে মুক্তি ও এমপি বানানোর প্রস্তাবসহ কোটি কোটি টাকা দিতে চেয়েছিলো। আমি গ্রহণ করিনি। স্বৈরাচার পতনের স্বার্থে জালিম হাসিনার শত অত্যাচার নির্যাতন সয়েছি।

জনসভায় ১২ দলীয় ঐক্য জোটের জামায়াতে প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, 'বিন ইয়ামিন মোল্লা আমাকে সমর্থন জানিয়েছেন, ইনশাআল্লাহ এখন আমাদের বিজয় আর ঠেকাতে পারবে না কেউ। আমরা বিন ইয়ামিনকে নিয়ে ১২ দল মিলে ন্যায় ও ইনসাফের নীতি গড়ে তুলবো ইনশাল্লাহ।’

সভায় আরও বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন, সাবেক আমির আব্দুল মতিন ফারুকী, নাগেশ্বরী উপজেলা আমির আব্দুল মান্নান মিয়া, এনসিপি নেতা মাহফুজুল ইসলাম কিরনসহ ১২ দলীয় ঐক্য জোট নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন