পঞ্চগড়ের দেবীগঞ্জে স্বামীর দাফন শেষে বাড়ি ফেরার পর মূর্ছা গিয়ে মারা গেছেন স্ত্রীও। স্বামীর মৃত্যুর একদিনের ব্যবধানে স্ত্রীর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার উপজেলার শান্তিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের ওমর আলী (৮০) বার্ধক্যজনিত কারণে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মারা যান। বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।
দাফন শেষে বাড়িতে ফেরার পর স্বামীর মৃত্যুতে শোকে কাতর হয়ে মূর্ছা যান তার স্ত্রী হরতন বেগম (৭৮)। পরে দুপুর ১টার দিকে তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দারা বলেন, স্বামীর প্রতি হরতন বেগমের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে এ ঘটনায়। একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় তারা হতভম্ব ও শোকাহত।
এলাকাবাসীর বরাত দিয়ে দণ্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী বলেন, মারা যাওয়া দুজন তার চাচা ও চাচি। তার চাচা দীর্ঘ ২৫ বছর মসজিদে আজান দিয়েছেন। দুজনই ধর্মপরায়ণ মানুষ ছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

