কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিলে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলা শহরের থানা রোডের জামে মসজিদের পাশে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় পুলিশের এক ডিএসবি সদস্যসহ এনসিপি ও তার অঙ্গসংগঠনের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার এসসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির উপজেলা সদস্য সচিব আযান আহমেদ শাওনের ওপর ছাত্রদলের হামলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল বের করে এনসিপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলের খবর পেয়ে উপজেলা ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের বেশকিছু নেতাকর্মী লাঠিসোঁটা ও পাইপ নিয়ে আগে থেকেই থানা রোডে অবস্থান নেয়। এনসিপির মিছিলটি কাছাকাছি পৌঁছালে তারা একযোগে অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের ডিএসবি শাখার এক সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়। আহত পুলিশ সদস্যের নাম ফেরদৌস। তিনি হাতে আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
এনসিপির নেতা-কর্মীদের মধ্যে জেলা যুব শক্তির সিনিয়র সেক্রেটারি তাওহীদ হাসান শান্ত, ফুলবাড়ি উপজেলা সিনিয়র সদস্য সচিব রাজু, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসান, জেলা সদস্য সচিব সাদিকুর রহমান, নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি আতিকুর রহমান ও ছাত্রনেতা মেহেদী হাসান আহত হয়েছেন বলে জানা গেছে।
এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এনসিপির উপর হামলার ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এনসিপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা ভিডিও দেখে হামলায় অংশ নেওয়া বেশ কয়েকজনকে চিহ্নিত করেছেন।
তারমধ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক মিঠুন চন্দ্র, ফুলবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহেশ্বর রায় শুভ, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল আমিন হক নিরব, যুবদল নেতা রফিকুল, সিরাজুল ইসলাম সেরা, শ্রমিক দলের নয়ন মিয়া সহ বেশ কয়েকজনকে দেখা গেছে বলে জানিয়েছেন তারা।
হামলার বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা দাবি করেছেন, এনসিপি নেতাকর্মীরা তাদের এক কর্মীর ওপর হামলা করে। এরপর তারা (এনসিপি) মিছিল নিয়ে এগিয়ে এলে তাদের ওপরও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রদলের ৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।
জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ছাত্রদল-যুবদল হামলা করেছে। এতে অন্তত ১৫-২০ জন আহত হয়েছে। আমরা তাদের চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে ব্যস্ত রয়েছি। এ নিয়ে পরবর্তীতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, ঘটনার পর বিএনপি ও এনসিপির জেলা নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

